×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে সাত পাকে বাঁধা পড়ল বট-পাকুড় গাছ, বরের নাম রাখা হয়েছে তীর্থ শিকদার, আর কনে শুক্লা সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

টাঙ্গাইলে সাত পাকে বাঁধা পড়ল বট-পাকুড় গাছ, বরের নাম রাখা হয়েছে তীর্থ শিকদার, আর কনে শুক্লা সরকার

বড় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে গ্রামবাসী। কিন্তু মানুষের নয়; গাছের! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা বাস্তবে ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে। 

বৃহস্পতি-শুক্রবার, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার, ভাতগ্রাম ইউনিয়নের, রুহিৎপুর গ্রামে, শত শত গ্রামবাসীর উপস্থিতিতে সনাতন ধর্মের রীতি মেনে পুরোহিত মন্ত্র পড়ে পাকুড় গাছ ও বটগাছের মধ্যকার এই ব্যতিক্রমধর্মী বিয়ে সম্পন্ন করেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে, ভোজনও হয়েছে কয়েকশ' মানুষের। 

এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে, প্রায় ২০০ বছরের, পুরোনো পাশাপাশি একটি বট ও একটি পাকুড়গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের, অক্টোবর মাসে, গাছ দু'টি ঝড়ে ভেঙে পড়ায়, স্থানীয় লোকজন পুরোনো জুটির স্মৃতি ধরে রাখতে পাশে নতুন একটি বট ও একটি পাকুড়ের চারা রোপণ করেন। তিন বছরের যতেই, চারা দুটি এখন বেশ বড় হয়েছে। গ্রামের বয়েজ্যেষ্ঠরা তাদের এক করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিয়ের আগে বর কনের নামও ঠিক করা হয়। পাকুড় গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে নাম দেওয়া হয়েছে তীর্থ শিকদার। আর বটগাছটিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে নাম দেওয়া হয়েছে শুক্লা সরকার। 

প্রথমে বর ও কনের নাম প্রস্তাব করেন চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার। গ্রামবাসীও এমন প্রস্তাবে একমত হন। বিয়েতে, পুরোহিত মন্ত্র পড়ে শুভদৃষ্টি ও সাত পাকে নবদম্পতিকে বাঁধবেন বলে সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে গ্রামজুড়ে উৎসবের আমেজ, ফেসবুকে ঘুরে বিয়ের দাওয়াতপত্র। শত শত গ্রামবাসীর সমাগমে বর্ণীল আয়োজনে এই বিয়ে অনুষ্ঠানের সিদ্ধান্তও নেওয়া হয়। 

পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রাতে, লগ্ন অনুযায়ী, বট-পাকুড়ের বিয়ের মন্ত্র পড়ান পুরোহিত মনতোষ গোস্মামি। শুভ দৃষ্টির মাধ্যমে সাত পাকে বাঁধার মাধ্যমে শত শত গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে বরযাত্রী প্রতিকি বর সাজিয়ে কনের বাড়িতে আসে। ছোট ছোট ছেলে মেয়েরা গেইট সাজিয়ে বর যাত্রীকে আটকে দেয়। বর যাত্রীরা পাঁচশত টাকা দিয়ে লাল ফিতা কেটে কনের বাড়িতে প্রবেশ করেন।

শুক্রবার (২৭ নভেম্বর), সরেজমিনে রুহিৎপুর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া গাছের গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। তার পাশেই সাজানো হয়েছে নতুন বর-কনে। চিকন হলেও পাকুড় গাছটি উচ্চতায় প্রায় ১৫ ফুট, বটগাছ প্রায় ১২ ফুট। গাছ দু'টির চারপাশে ইট সিমেন্টের গোল বেষ্টনী। এর দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ পাশে আরও দুটি বটগাছ আছে। পুরো গ্রাম জুরে সাজ সাজ রব। সবার মুখে শুধু বট পাকুড়ের বিয়ে নিয়ে কথা। গ্রামের বাইরে অবস্থানরত চাকরিজীবিরা অনেকেই যোগ দিয়েছেন বিয়ের অনুষ্ঠানে।

বেলা ১১টায় বর-কনের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহনে প্রতীকী বর-কনে নিয়ে শুরু হয় একটি র‌্যালি। র‌্যালিটি গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষীণ করে বিয়ের অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহনকারী নারী পুরুষ ও শিশুরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাশ করেন। 

এরপর দুপুর দু'টার দিকে, শুরু হয় বাসি বিয়ের অনুষ্ঠান। পুরোহিত অগ্নি স্বাক্ষী রেখে মন্ত্র পড়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন। কয়েকজন নারী পুরোহিতের কাজে সহায়তা করেন। প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে গ্রামের ১০ থেকে ১৫ জন বিভিন্ন বয়সী নারী সাত পাক ঘুরে বিয়ের আনুষ্ঠিকতা শেষ করেন। এসময় শতাধিক নারী উলুধ্বনি দিয়ে অনুষ্ঠান স্থলকে আনন্দঘত পরিবেশে রুপান্তরিত করেন। এরপর শুরু হয় মধ্যাহ্ন ভোজ। এতে অংশ নেন রুহিতপুর এবং আশপাশের গ্রামের শতশত নারী পুরুষ। 

গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, ভেঙে পড়া গাছ দু'টির সঠিক বয়স কেউ জানে না। জন্মের পর থেকেই তিনি গাছ দুটি দেখেছেন। তার বাবা ও দাদাও দেখেছেন। গাছের পাশের জায়গায় বার্ষিক ক্রীড়া, রথযাত্রা ও মেলা হতো। তাদের এলাকার পরিচয় ছিল গাছ দিয়ে। গাছ দুটির বয়স ২শ' বছরের বেশি ছিল বলে তার ধারণা। 

মূলত, তাদের স্মৃতি ধরে রাখতে গ্রামবাসীর পক্ষে নতুন গাছ দুটি রোপন করা হয়েছে। আর সেই নতুন গাছ দুটিকে জুটি হিসেবে বেধে দিতেই এই বিয়ের আয়োজন।

গ্রামের বাসিন্দা ও কনের ভাই শিশির সরকার বলেন, মানুষের বিয়েতে যে ধরনের আনুষ্ঠিকত হয়, ঠিক একই আনুষ্ঠানিকতার মাধ্যমে, এই বিয়েটি সম্পন্ন হয়েছে। পুরোন বট পাকুড়ের স্মৃতি ধরে রাখতে নতুন করে রোপন করা গাছ দু'টির বিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে যেভাবে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বিনস্ট করা হচ্ছে আমরা এই বিয়ে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখছি।

বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তার দুই মেয়ে। তিনি বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। এ বিয়েতে কোনো যৌতুক নেই। যৌতুক ছাড়া, এই বিয়েতে, গ্রামের এবং আশপাশের শত শত লোক বিয়ের অনুষ্ঠানে এসেছে। সবমিলিয়ে পুরো গ্রাম জুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে, তার ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন। 

তার ভাষ্য, ‘সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও হয়। এই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার মেয়ের সঙ্গে কারও বিবাদ হবে না। বর কনে আজীবন পাশাপাশি থাকবে। আমি আর চিত্ত রঞ্জনও সারা জীবন আত্মীয়তায় আবদ্ধ থাকতে পারব। আমাদের এক অপরের বাড়িতে আত্মীয়র মতই যাতায়াত থাকবে।

বিয়ের মন্ত্র পড়া পুরোহিত মনতোষ গোস্মামি বলেন, এধরনের বিয়ে এর আগে আমি দেখেছি ভারতে। সেখান থেকে কিছু নিয়ম কানুন নোট করে রেখেছি। সেই আলোকে আজ এই বিয়ের মন্ত্র পড়ানো হয়েছে। এই বিয়ে পড়াতে পেরে আমি খুবই আনন্দিত।

/এআই 


Logo