রংপুরে চার খুন
মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
মাদক সেবন দেখে ফেলায় নয়, চুরির উদ্দেশ্যে গিয়ে বাধাগ্রস্ত হওয়ায় হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী চক্রবর্তী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। হত্যাকারী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। এ ঘটনায় দাখিল করা চার্জশিটে এই দাবি করেছে পুলিশ। ৩৫টি আলামতের ফরেনসিক রিপোর্টেও ওই ছয়জনের উপস্থিতি পাওয়া গেছে।
এমনকি ৬৬টি আলামত ছাড়াও ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ডিজিটাল ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে অভিযোগপত্রে। ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার। দাবি, পেশাদারত্বের সঙ্গে অকাট্য যুক্তিতেই দেওয়া হয়েছে চার্জশিট। চার্জশিটের সঙ্গে এ ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারের প্রথম ব্রিফিংয়ের মিল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশের সম্মেলন কক্ষে আলোচিত রংপুরের একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট নিয়ে ব্রিফিং করেন মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ।
চাঞ্চল্যকর এই চার খুনের ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধ দাসই জড়িত উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, এই হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পর থেকে নিরবচ্ছিন্নভাবে তদন্ত করে আসামি মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস—এই দুজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই হত্যাকাণ্ডে তারা গণপতি বাবুর বাসায় অনেক টাকা-পয়সা রয়েছে জেনে সেই টাকা-পয়সা চুরির উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন। চুরির কাজে তারা ছাদে অপেক্ষা করছিলেন। সেখান থেকে কোনো একসময় তারা বাসায় ঢুকবেন। ছাদে তাদের দেখে ফেলার কারণে প্রথমে গণপতি বাবুকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে ঘটনার পরম্পরায় তার পরিবারের অন্যান্য সদস্যকে বিভিন্ন পরিস্থিতিতে হত্যা করা হয়।
ফরেনসিক প্রতিবেদন ও ডিজিটাল ডকুমেন্টেও ওই দুজনই খুনি বলে দাবি করে পুলিশ কমিশনার বলেন, এ মামলায় তদন্ত কার্যক্রমের পাশাপাশি আমরা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছিলাম। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতে ওই বাসা থেকে চুরি হওয়া মালামাল, স্বর্ণালঙ্কার তাদের দেখানো মতে উদ্ধার করেছি। তারপরে আরও যেসব সংযোগকারী সাক্ষ্য-প্রমাণ আছে, সেই সাক্ষীদেরও আমরা ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছি। আসামিরা আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন, সেটার সঙ্গে সেগুলো মিলে গেছে। পাশাপাশি এই মামলার তদন্তের প্রমাণের জন্য ঘটনাস্থল থেকে যেসব আলামত সংগ্রহ করেছি, সেগুলো ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি। সেখানে প্রাপ্ত আলামতগুলোর ডিএনএ পরীক্ষা করেছি। ডিএনএ পরীক্ষায়ও ওই দুই আসামির ডিএনএর উপস্থিতি প্রমাণিত হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, গত ২২ তারিখে চার্জশিট দাখিল করেছি এবং ডকেটের যেসব আলামত ও মালামাল প্রমাণের জন্য প্রয়োজন, সেগুলোও ডকেটের সঙ্গে জমা দিয়েছি।
এর আগের ব্রিফিংগুলোতে মাদক সেবন দেখে ফেলায় হত্যাকাণ্ডের কথা বলা হয়েছিল। চার্জশিটে চুরির বিষয়টি আসার প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, এখানে হত্যার মোটিভটা চুরি ছিল। চুরি করতে গিয়ে হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছে। তাদের সেই মরিয়া মনোভাব ছিল যে, তারা চুরি করবে। চুরি করতে গেলে বাধাপ্রাপ্ত হলে তারা হত্যাকাণ্ড পর্যন্ত ঘটানোর জন্য প্রস্তুত ছিল। ঘটনার পরম্পরায় একটার পর একটা ঘটনা ঘটেছে। এর মানে এই নয় যে, হত্যার উদ্দেশ্যে তারা সেখানে যায়নি। তাদের উদ্দেশ্য ছিল চুরি করা। কিন্তু চুরি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে সেই বাধার মুখে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটনাকে টেনে নিয়ে যাওয়ার মতো আকাঙ্ক্ষা ও দুর্বৃত্তায়ন তাদের মধ্যে ছিল।
তিনি আরও বলেন, সেটা আদালতে সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করবো। মামলায় দুজনই সম্পৃক্ত, তদন্তে তা প্রমাণিত। হত্যা মামলার তদন্ত করেছি। হত্যা মামলায় যেসব সাক্ষ্য-প্রমাণ আমাদের কাছে হত্যাকাণ্ড প্রমাণের জন্য উপযুক্ত মনে হয়েছে, তদন্তকারী কর্মকর্তা হিসেবে সেগুলোই আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেছি।
চার্জশিটে মাদকের প্রসঙ্গটিও এসেছে দাবি করে পুলিশ কমিশনার বলেন, চার্জশিটে মাদকের ঘটনা এসেছে। তারা মাদক সেবন করছিলেন, সেটা ঘটনার একটি অনুষঙ্গ। এখানে মূল বিষয় ছিল হত্যাকাণ্ড। মাদকের অপরাধটি এখানে মূল অপরাধ নয়। তারা সেখানে মাদক সেবন করছিলেন, সেটা ছিল পরিস্থিতি ও পরিবেশগত একটি প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটের সঙ্গে আমরা ঘটনাটিকে মিলিয়েছি, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাটিই আমরা প্রমাণ করতে চেয়েছি। হত্যাকাণ্ডে গামছা, নাইলনের রশি কিংবা তাদের শারীরিক সক্ষমতা—এগুলোই আসলে প্রযুক্ত হয়েছে এখানে।
কেউ কেউ মামলার গতিপথ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন দাবি করে পুলিশ কমিশনার বলেন, এই মামলার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানা রকম কথাবার্তা হয়েছে। এর মধ্যে কিছু পরামর্শমূলক ছিল, নিঃসন্দেহে বেশিরভাগই পরামর্শমূলক ছিল। আর কিছু কিছু ছিল এ মামলার গতিপথ বিভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে এ ঘটনা থেকে কেউ নিজেদের কিছু উদ্দেশ্য হাসিল করার বিষয়।
/এসআইএন