মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক চেন ইয়ং গ্রেফতার
সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম
টিকটকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে মানিকগঞ্জের কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে চেন ইয়ং (৪১) নামে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। এর আগে মঙ্গলবার রাতে ওই কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত চীনা নাগরিককে উত্তরার বাসা থেকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অষ্টম শ্রেনীর ওই শিক্ষার্থী গেলো ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। পরদিন ১৮ নভেম্বর এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরবর্তীতে তারা জানতে পারেন, টিকটিক আইডির মাধ্যমে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। এরপর তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে নানা প্রলোভন দেখাতে থাকে। ১৭ নভেম্বর দুইজন সহযোগীকে সঙ্গে নিয়ে ওই চীনা নাগরিক মানিকগঞ্জ থেকে কিশোরীকে ফুসলিয়ে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।
মোবাইল ফোনে এই ঘটনা জানার পর পরিবারের সদস্যরা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চীনা নাগরিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানাগেছে। তার নিকট থেকে একটি চায়না পাসপোর্ট উদ্ধার করা হয়।
সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন প্রেমের ফাঁদে ফেলে এর আগেও বাংলাদেশী একাধিক তরুনীকে যৌন নির্যাতন করেছেন অভিযুক্ত চীনা নাগরিক। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
/এসআর