×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদরের আলীপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (১৯) ও ছাত্রলীগ কর্মী মিন্টু (১৮)। মেহেদী হাসান আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই গ্রামের আমবীরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দেশব্যাপী কার্যক্রম আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিকেলে আলিপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন।

পরে আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় পৌঁছে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আটককৃতরা সদর থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশ আগ থেকেই তাদের খুঁজছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। 

/এসআর 

Logo