চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
চুয়াডাঙ্গায় ৪০ মাদক ইনজেকশনসহ গ্রেফতারের প্রায় ৬ বছর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাসিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময়, তার পরনে থাকা জ্যাকেটের পকেটে একটি কাপড়ের ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার ইনজেকশন ছিল। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ছিল ১২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি পরে দায়রা আদালতে বিচারাধীন হয়। মামলায় রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
/এএন