রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুজনের যাবজ্জীবন
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা ও শারীরিক নির্যাতনের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন টাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন– রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর এলেম খার স্ত্রী রোজী সরদারনি ও মজিদ ফকির। রায় ঘোষণার সময় তারা পালাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ে আসা হয়। রাতে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর মজিদ ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ১৭ ও ১৮ নভেম্বর ওই তরুণীকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে নির্যাতন করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে, দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সুস্থ হয়ে ভুক্তভোগী তরুণী গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
/এএম