মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পরও গাজীপুর-সাভারে শ্রমিকদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
নিম্নতম মজুরি বোর্ডের সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করলেও গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলের কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সংঘর্ষও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে।
পুলিশ জানিয়েছে, ন্যায্য মজুরির দাবিতে আজ বুধবার সকাল ৮টার পর থেকেই গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, বড়বাড়িসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। অবরোধ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। একপর্যায়ে ছড়ায় উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।
এ সময় এসব এলাকায় আতঙ্ক ছড়ায়। দফায় দফায় মহাসড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সাভারের হেমায়েতপুরেও বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে ছড়ায় উত্তেজনা। টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
সাভারে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি দেওয়া হয়েছে ১০টি কারখানায়। বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও।
/এমএন