ডিসেম্বর ঘিরে তৎপর বিজিবি, সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সাতক্ষীরা বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বৃদ্ধির মাধ্যমে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশী এবং দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে যাতে করে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কোন গমনাগমন অথবা প্রতিপক্ষ কর্তৃক অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে।
এছাড়াও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও সন্দেহজনক ব্যক্তিবর্গের গতিবিধি সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট, থার্মাল ড্রোন এবং স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।
/এএন