নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কারীর মারধরে প্রবীণ জুলাই যোদ্ধা নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কারীর মারধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো আব্দুল বারেক (৮৪) মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক নাতনিকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় পরিবহনের টোল আদায় নিয়ে পৌরসভার টোল আদায়কারী আতিকুল মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আতিকুলের ঘুষিতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই মদন উপজেলায় কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন ছাত্রসমাজ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। ওই আন্দোলনে অংশ নেওয়া নাতি মেহেদীকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হন আব্দুল বারেক।
/এএন