×
Logo

সারাদেশ

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া) করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ এএম

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। জানা গেছে, ছায়েব আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে থানার অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

গ্রেফতার আসামি ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এএম

Logo