×
Logo

সারাদেশ

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৩

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মাধ্যমে একজন পরীক্ষার্থীর ১১টি বিষয়ে প্রাপ্ত নম্বর অবৈধভাবে পরিবর্তন করে ফলাফল বাড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গোয়েন্দা তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)। অভিযানের সময় জালিয়াতির সঙ্গে জড়িত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন এবং মূল পরীক্ষার উত্তরপত্রসহ মোট ৪৮০ পাতার গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

মামলার এজাহার ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তৈরি ও প্রকাশের সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর ফল জালিয়াতির মাধ্যমে বদলে দেওয়া হয়। পরীক্ষার্থীর মূল উত্তরপত্রের নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। ১১টি বিষয়ে মূল মূল্যায়নের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানো হয়েছিল।

এছাড়া বিষয়ভিত্তিক নম্বরের হিসাবে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল ২৩ নম্বরের জায়গায় প্রকাশিত ফলাফলে ৩৩, বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বদলে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বদলে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর বদলে ৮২ এবং গণিতে ৯ এর বদলে ৬৬ নম্বর দেখানো হয়। এ ছাড়া ইসলাম শিক্ষায় ৭-এর বদলে ৬৪, উচ্চতর গণিতে ০ এর বদলে ৪৬, পদার্থবিজ্ঞানে ০ এর বদলে ৪৫, রসায়নে ১ এর বদলে ৪৬, জীববিজ্ঞানে ১ এর বদলে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বদলে ৬৫ নম্বর প্রদর্শিত হয়।

পরবর্তীতে গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপের তথ্য ও প্রকাশিত কম্পিউটার ফলাফল খতিয়ে দেখে জালিয়াতির প্রমাণ পায়। এরপর ওই পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরীক্ষার্থীর দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ ঘটনায় বোর্ডের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ (সিএমপি) থানায় মামলা করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ফলাফল তৈরির স্ক্যানিং ও সলভিংয়ের মতো গুরুত্বপূর্ণ কারিগরি কাজের তত্ত্বাবধানে থাকা কয়েকজনের জ্ঞাতসারে ও তত্ত্বাবধানে এই জালিয়াতি হয়েছে। মামলাটির তদন্তভার নেওয়ার পর সংশ্লিষ্ট নথি, শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, কারিগরি তথ্য এবং অভিযুক্তদের ভূমিকা বিশ্লেষণ করছে সিআইডি।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে এই জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ফলাফল প্রস্তুত ও প্রকাশের কারিগরি ধাপে কীভাবে জালিয়াতি করা হয়েছে এবং অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিআইডি। জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

/এমএইচআর

Logo