টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় মানবপাচারবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী ১ শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকলেই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা। পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
/এএন