টেকনাফে শতাধিক আইইডি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার
স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চালকসহ একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।
অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ইলেকট্রিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এ ছাড়া শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।
সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
/এনএ