চট্টগ্রামে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:১৬ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার নয়াটিলা মাজার গেট এলাকায় শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র নিয়ে আসার গোপন সংবাদের পেয়ে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এসময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
/এমএইচআর