খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
খাগড়াছড়িতে উদ্ধার হওয়া একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা সদরের খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর পাড়ে বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট।
গতকাল শুক্রবার বিকেলে শহরের শালবনের পল্লীটিলা এলাকায় সেপটিক ট্যাংকের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মর্টার শেলটি পাওয়া যায়। পরে সেটি ব্যাগে করে দক্ষিণ গঞ্জপাড়ায় এনে রাখা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে শেলটি উদ্ধার করে।
সেনাবাহিনী জানায়, মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া যে এলাকায় শেলটি পাওয়া গেছে, সেখানে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
/এসআইএন