×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারিরা, মিলল সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারিরা, মিলল সাড়ে ৪ কোটি টাকার মোবাইল ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির ধাওয়ায় পালিয়ে গেছে চোরাকারবারিদের একটি দল। এ সময় তাদের ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে বিজিবি, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এসব ডিসপ্লে জব্দ করে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।

সরাইলের কালিকচ্ছ এলাকায় অবস্থিত ২৫ ব্যাটলিয়নের সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকলে বিজিবি তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যায়।

পরে কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। জব্দ মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, গত বছরের নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ প্রায় ১০৭ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ পণ্যের মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা। এসব ঘটনায় ২৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।

বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এসআর 

Logo