নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয়ে চট্টগ্রামের ওসিকে প্রাণনাশের হুমকি, ‘কাফনের কাপড় রেডি রাখিস’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। তার পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ শেষ করে দেওয়া এবং কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে একাধিক বার্তা পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে এসব বার্তা পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোড যুক্ত একটি নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যবহারকারী বার্তাগুলো পাঠিয়েছেন বলে জানা গেছে।
পাঠানো বার্তাগুলোর একটিতে ইংরেজিতে লেখা হয়, হাউ আর ইউ? উই আর ওরিড অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। ইফ ইউ কিপ অন ডুয়িং হোয়াট ইউ ডিড, উই উইল টেক অ্যাকশন ভেরি সুন।
একই বার্তায় বাংলায় হুমকি দিয়ে বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’
অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে লেখা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
এ ঘটনায় ওসি মোহাম্মদ আব্দুল হালিম ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
/এনএ