পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় ভাংচুর, অগ্নিসংযোগ
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫ নেতাকর্মীর বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
এতে কোন ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও মালামাল ও আসবাবপত্রের ক্ষতি সাধিত হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় এ ব্যপারে কেউ লিখিত কোন অভিযোগ করেননি বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মনিরুজ্জামান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি বেগম লুৎফুন্নেছার বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসার জানালার গ্লাস ভেঙ্গে ইটপাটকেল নিক্ষেপ করে। বাসার সামনে থাকা একটি গাড়ী ভাংচুর করে। তার স্বামী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পটুয়াখালী থেকে প্রকাশিত দৈনিক পটুয়াখালীর সম্পাদক এবং পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য বীরমুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ভাংচুর করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বাসায়ও। রাত দুটোর দিকে শহরের পিডিএস মাঠ সংলগ্ন এলাকায় তার বহুতল ভবনের নীচতলায় এ হামলার ঘটনা ঘটে।
এদিকে বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেনের বাসভবনে আগুন লাগায় দুর্বৃত্তরা। বাসার জানালা থেকে আগুনের শিখা দেখতে পেয়ে পুলিশ ও ফায়র সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাসাটি তালাবদ্ধ ছিল। কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বাসার দোতলার পশ্চিমপাশের বেলকুনিতে কাঠের বড় বড় কয়েকটি টুকরোতে আগুন লাগানো হলে ধীরে ধীরে তা ঘরের মধ্যে প্রবেশ করে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার সদর উপজেলার শিয়ালি গ্রামের নিজ বাড়িতে আগুন দেওয়া হয়। এতে বাড়ির কাঠের মালামাল ও আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। সেই বাসাতেও কোন লোকজন ছিলনা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, জেলা যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মৃধা, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত, ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ বেল্লাল হোসেন পাভেল, সেচ্ছাসেবকলীগ নেতা সোহেল মোল্লার বাসায় হামলা ও ভাংচুর চালিয়ে বিভিন্ন মালামাল ও আসবাবপত্রের ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।
হামলা ভাংচুর অগ্নিকান্ডের ঘটনার বিস্তারিত জানতে চাইলে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। এছাড়া এখন পর্যন্ত থানায় হামলা ভাংচুরের ব্যপারে কেউ কোন ধরনের অভিযোগ দেয়নি।
/এসআর