×
Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে স্বর্ণ নিয়ে বিরোধ, ইট দিয়ে থেঁতলে আপন ভাইকে খুন

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

মুন্সিগঞ্জে স্বর্ণ নিয়ে বিরোধ, ইট দিয়ে থেঁতলে আপন ভাইকে খুন

মুন্সিগঞ্জে আলমগীর নামের এক ফেরিওয়ালা হত্যার চাঞ্চল্যকর তথ্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ইট দিয়ে মাথা থেঁতলে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় নিহতের ভাই-এ ঘটনায় মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), ভাবি রিনা বেগমকে (২৪) সহ দুই ভাড়াটে খুনি মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

পিবিআই জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগরের একটি খড়ের স্তূপের ভেতর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ১১ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিলো সে।

তদন্তে পিবিআই জানতে পারে, স্বর্ণালংকার বন্ধক রাখা ও টাকা লেনদেনকে কেন্দ্র করে নিহত আলমগীরের সঙ্গে তার ভাই মো. জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীরের স্ত্রী রিনা বেগমের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে ১ লাখ টাকায় সাদ্দাম হোসেন, মো. শফিকুল ইসলামসহ আসামিরা যুক্ত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন নিহত আলমগীরকে বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে নেওয়া হয়। পরে বালুচর ইউনিয়নের কালিনগরে পৌঁছালে পরিকল্পনা অনুযায়ী মারধর ও ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গোপন করতে খড়ের স্তূপের নিচে চাপা দেওয়া হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই।

/এসআর 

Logo