ফ্যাসিস্ট আ. লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে: টুকু
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে।
তিনি আরও বলেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।
টুকু বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।
বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমরা কখনও আপস করব না।
/এসআইএন