×
Logo

সারাদেশ

গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত, আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা

কক্সবাজার করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত, আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা

মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণায় এমন পর্যবেক্ষণ ওঠে এসেছে।

দীর্ঘ ৭ বছরের বিচার প্রক্রিয়া পর অবশেষে আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ে খুশি রোহিঙ্গারা। রায় ঘোষণা উপলক্ষে অনেক রোহিঙ্গা রোজা রেখেছেন। বড় পর্দায় দেখানো হয় রায় ঘোষণার ঐতিহাসিক মুহূর্ত। এখন রায়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ চান তারা।

একজন বলেন, পৃথিবীর যেসব মানুষ জুলুমের শিকার হন, তাদের জন্য এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ থেকে শিক্ষা নেওয়া যাবে।

আরেকজন বলেন, আমরা মনে করি, আজ সারা বিশ্বের রোহিঙ্গাদের জন্য একটি বিশেষ আনন্দের দিন।

এদিন রায় ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার উখিয়ায় বিভিন্ন ক্যাম্পের অনেক রোহিঙ্গা রোজা রেখেছেন। মসজিদে হয়েছে বিশেষ মোনাজাত। ১৫ নাম্বার ক্যাম্পের সিআইসি মাঠে রায় সরাসরি দেখার জন্য বড় টিভির ব্যবস্থা করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা— ইউসিআর নামে একটি সংগঠন।

রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান ইউসিআরের অ্যাক্টিং প্রেসিডেন্ট কি মং।

ইউসিআরের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ উল্লাহ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কী ধরনের নির্যাতন চালিয়েছে, আজকের রায়ে তা স্পষ্ট হয়েছে। আমার মতে, গণহত্যার মামলায় বিশ্বে এ ধরনের ঘোষণা এটাই প্রথম।

রায়ের ভিত্তিতে নিজ দেশে ফেরত সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানান রোহিঙ্গারা।

/এসআইএন

Logo