হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ৯
নোয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচরের দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া কোস্ট গার্ড স্টেশন নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়।
জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। অভিযানে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ এবং বোটে থাকা নয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এনএ