×
Logo

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৫

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে বাসের ধাক্কায় অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে মিছিলে থাকা পাঁচ নেতাকর্মী আহত হন।

আহত ব্যক্তিরা হলেন বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলাম।

কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া জানান, আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত— তা খতিয়ে দেখা হচ্ছে।

/এনএ 

Logo