×
Logo

সারাদেশ

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন পিকআপ ভ্যান নিয়ে গেছে চোর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন পিকআপ ভ্যান নিয়ে গেছে চোর

ফাইল ছবি

চট্টগ্রামে এবার দিনে দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের ‘পিকআপ ভ্যান’ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে গেছেন। দিনে দুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে। 

পুলিশ জানায়, হালিশহর থানার সিঙ্গেল ডেকার পুরনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে যান। এসে দেখেন গাড়ি নেই। 

পুলিশ আরও জানায়, সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটা নিয়ে দ্রুত পালিয়ে গেছে। আমরা চোরকে গ্রেফতার করে গাড়িটা উদ্ধারের চেষ্টা করছি।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বললেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/এসআর 

Logo