×
Logo

সারাদেশ

রাজশাহীতে ভেঙে ফেলা হয়েছে ঋত্বিক ঘটকের বাড়ির দেয়াল, সংস্কৃতিকর্মীদের ক্ষোভ

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

রাজশাহীতে ভেঙে ফেলা হয়েছে ঋত্বিক ঘটকের বাড়ির দেয়াল, সংস্কৃতিকর্মীদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে ক্ষোভ জানান তারা।

স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে।

গোটা বাড়ির জায়গা দখলে নেওয়ার অপচেষ্টা চলছে উল্লেখ করে তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা বলেন, স্মৃতিবিজড়িত এ জায়গাটি দেশের সম্পদ। এখানে চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

রাজশাহীর এই পৈতৃক ভিটায় কৈশোর ও যৌবনের বেশ কিছুটা সময় কাটিয়েছেন ঋত্বিক ঘটক। ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। তবে এ উদ্যোগ এখনও বাস্তবায়িত হয়নি।

এর আগে, চলতি বছরের ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল।

/এএম

Logo