×
Logo

সারাদেশ

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ‎নিহত হেলপার সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহুলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে 'বাহক' নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ভান্ডারিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, থামিয়ে রাখা ২টি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে সে বিষয় কিছু জানা যায়নি।

/এমএইচআর

Logo