×
Logo

সারাদেশ

গাইবান্ধায় মা-ছেলের মরদেহ উদ্ধার, সতীন আটক

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম

গাইবান্ধায় মা-ছেলের মরদেহ উদ্ধার, সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার ছয় বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত আঁখি বেগমের স্বামী আব্দুর রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী।

স্থানীয়রা জানান, চাকরির সুবাদে আব্দুর রাজ্জাক আগে বামনডাঙ্গায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে প্রথম স্ত্রী আঁখি বেগম ও তাদের সন্তানদের নিয়ে বসবাস করতেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগম চার বছর বয়সী ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। প্রায় ছয় বছর আগে শাহিনাকে দ্বিতীয় বিয়ে করেন রাজ্জাক।

সম্প্রতি ভাড়া বাসা ছেড়ে সন্তানদের নিয়ে স্বামীর গ্রামের বাড়িতে আসেন আঁখি বেগম। এ নিয়ে দুই সতীনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার আগে গত বৃহস্পতিবার ছুটিতে ঠাকুরগাঁও থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন আব্দুর রাজ্জাক।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, দুই সতীনের মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আঁখি বেগম ও তার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় শাহিনা বেগম একাই জড়িত, নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, সন্ধ্যার পর স্থানীয়রা বাড়ির একটি ঘরে মা ও ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহের প্রাথমিক পর্যবেক্ষণে নাক ও মুখে রক্তসহ কিছু অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক বিরোধ, পরকীয়া কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

/এসআর 

Logo