রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি
রাজশাহী করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান জানিয়েছেন।
এদিকে, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু হুমকি দিয়েছেন বলেও জানান প্রক্টর।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় পাশেই অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল পড়ে থাকতে দেখা যায়।
প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করব। তবে রাতের বেলায় সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা কঠিন।
/এসআর