ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ
ভাঙ্গা করেসপনডেন্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে ও বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাত নয়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার (৩০) বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময়, তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর চালায় আওয়ামী লীগের লোকজন।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের একজনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন।
এ ব্যাপারে নিহতের চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজার রাজ মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এদিকে, কৃষক দল নেতা নিহতের ঘটনার পর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ মহাসড়কে অবস্থান নিয়েছেন ও এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
/এসআর