×
Logo

সারাদেশ

টুঙ্গিপাড়ায় থানায় আগুন-অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

টুঙ্গিপাড়ায় থানায় আগুন-অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও এমপির বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা থানার হাজতখানা ভেঙে গ্রেফতার আসামিদের ছিনিয়ে নেয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনার সূত্রপাত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনতে যায়। এ সময় পুলিশের সাথে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। 

তারা আরও জানান, এ সময় তারা পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মটরসাইকেল ও কোয়াটারেও আগুন দেয়। পরে তারা হাজতখানা ভেঙে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুটে নেয়। পুলিশ তাদের মোকাবিলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রবার বুলেট নিক্ষেপ করে। 

এদিকে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার নামকস্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় তারা আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ৬টি গাড়িতে অগ্নিসংযোগ করে। 

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করায় কোথাও ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতা চালাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। 

/এসআর  

Logo