চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তদের হামলা, ফোন ও টাকা-পয়সা ছিনতাই
স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেল ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন (PSIK 6 DOWN) ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।
দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা অনুসন্ধান করা হচ্ছে।
/এসআইএন