নাটোরে ট্রাক খাদে উল্টে পড়ে হেলপারের মৃত্যু
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝোই একটি ট্রাক খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার রিপন হোসেন পাবনার হেমায়েতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, দিনাজপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাক নাটোরের হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙ্গে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন নিহত হন।
তিনি জানান, এসময় ট্রাক চালক মাসুদ রানা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, হেলপারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
/এএন