গাজীপুর-সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, বিজিবি মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর ও সাভারের কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-প্লাটাধাওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার শ্রমিকরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় শ্রমিকদের। একপর্যায়ে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভোগড়া বাইপাস, নাওজোর ও শিববাড়ী এলাকায়। নাওজোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। অরাজকতা সৃষ্টিকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে, গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্পাঞ্চল আশুলিয়ায় সকালে নির্ধারিত সময়েই অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকালে উত্তাপ ছড়ায় সাভারের হেমায়েতপুরে। সামস স্টাইলিং কারখানার শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পুলিশ বাধা দিলে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
অন্যদিকে, আজ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এছাড়াও গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।