×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল ও অন্যান্য কর্মসূচি এবং সরকারবিরোধী কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব মোবাইল ফোনগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে অভিযানসংক্রান্ত তথ্যে জানানো হয়েছে।

জানা গেছে, ১৪ জনকে গ্রেফতারের লক্ষ্যে জেলার ১৫টির বেশি স্থানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় শফিউল আলম ও কাইয়ুম শেখকে।

ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং অসিকুল সরদার একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে সম্প্রতি গোপালগঞ্জে ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া ফারুকের বিরুদ্ধে মিছিল-সমাবেশে যোগ দিতে ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করার এবং অসিকুলের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি আয়োজনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচিতে উসকানি দেওয়া এবং তা সংগঠিত ও আয়োজন করার অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

/এসআইএন

Logo