শরীয়তপুর
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, দুদকের অভিযানে মিললো প্রাথমিক সত্যতা
শরীয়তপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে নামজারির (মিউটেশন) জন্য ঘুষ গ্রহণ এবং পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেই টাকা ফেরত দেওয়ার ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ নভেম্বর) প্রধান কার্যালয়ের নির্দেশে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদকের দল ভুক্তভোগী সেবাগ্রহীতা, অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন জানান, জমি কেনার পর নামজারির জন্য আবেদন করলে প্রায় চার মাস ধরে তাকে ঘোরানো হয়। পরে এক সপ্তাহের মধ্যে কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা নেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ। বিষয়টি জানাজানি হলে ডিসিআর বাবদ ৩০০ টাকা রেখে বাকি ১০ হাজার ২০০ টাকা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফেরত দেন তিনি।
দুদকের অভিযান চলাকালে দলের সদস্যদের সামনেও টাকা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন সাংবাদিকদের জানান, ঘুষ গ্রহণ এবং পরবর্তীতে তা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইন ও বিধি অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশে আগামী ১৮ নভেম্বর অভিযুক্ত এবং ভুক্তভোগী নোটিশ করে ডাকা হয়েছে। দুপক্ষের উপস্থিতিতে তদন্ত করে রিপোর্ট দাখিল করা হবে।
/এমএইচআর