×
Logo

সারাদেশ

ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

হিলি করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

ফাঁদ পেতে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথের বিড়াল হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে ৬ মাস বাজারের সব পথের কুকুর ও বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম সারোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানে প্রায়ই খাবারের সন্ধানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করতো একটি পথবিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন দোকানি। একপর্যায়ে সেই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরে গলায় দড়ি পেঁচিয়ে বিড়ালটির মৃত্যু হয়। পরদিন সকালে দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ। মা বিড়ালের মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।

বিষয়টি জানতে পেরে বিড়াল হত্যার বিচার চেয়ে বিকেলেই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চায় প্রশাসন।

এ সময় নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়ার কথা জানান ওই ব্যবসায়ী। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ জানান, অভিযুক্ত ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করে মুচলেকা দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে আগামী ৬ মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

/এসআইএন


Logo