×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি হ্যান্ডকাপ, পুলিশের দুটি ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ এক লাখ ৭১ হাজার ৪৫০ টাকা।

আটকরা হলেন— পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। সে যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। বর্তমানে বাগেরহাট জেলায় একটি ক্যাম্পে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। অপরজন মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে।

অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তার যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর সকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাশেম সরদারকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর নিকট মোবাইল ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি তাৎক্ষণিক তালা থানা পুলিশকে অবহিত করেন কাশেম সরদারের স্ত্রী। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর তালা থানা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ডুমুরিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কাশেম সরদার বাদী হয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এনে মামলা দাখিল করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

/এমএইচআর

Logo