×
Logo

সারাদেশ

জামিন পেয়েই রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, মাথা ফাটালেন আসামিরা

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

জামিন পেয়েই রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, মাথা ফাটালেন আসামিরা

রাজশাহীতে মামলা থেকে জামিন পেয়েই আদালত চত্বরে হামলা চালিয়ে এক আইনজীবীর মাথা ফাটিয়েছেন আসমিরা। 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ওই আইনজীবীর সঙ্গে বিরোধ চলছিল হামলাকারীদের। আইনজীবীর করা একটি মামলায় আজ দুপুরে আসামিরা আদালতে জামিন নেন। তবে, জামিনের পর আদালত ভবন থেকে অ্যাডভোকেট ইয়ামিন আলী বের হওয়া মাত্রই বেশ কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে। এ সময় তারা একযোগে তার ওপর হামলা চালায়। পরে তিনি দৌড়ে গিয়ে একটি খাবার দোকানে আশ্রয় নেন সেই আইনজীবী।

এ ঘটনার পর হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। পরে, তাদের কোর্ট চত্বরে দায়িত্বপালনরত পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। 

এদিকে, আহত আইনজীবী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ কিছুদিন আগে তার হাত ভেঙে দেয়। এ ঘটনা তিনি মামলা করেছিলেন। ওই মামলায় আজ আদালত থেকে জামিন পান আসামিরা। 

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, কোট চত্বরে এমন ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এমন কর্মক্ষেত্রে আইজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এই বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

/এএন




Logo