মাদারীপুরে মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতা মামলার আসামি !
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
মাদারীপুরের শিবচরে মৃত্যুর সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী। সম্প্রতি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে তার।
মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল ব্যক্তি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে সড়কে যান চলাচল। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সেই তালিকার ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

একজন মৃত ব্যক্তিকে তার মৃত্যুর পর সংঘটিত ঘটনার মামলায় কীভাবে আসামি করা হলো, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মামলার এজাহার তৈরির আগে আসামিদের পরিচয়, জীবিত থাকা এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।
অন্যদিকে, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এসআর