×
Logo

সারাদেশ

কুষ্টিয়া

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের মামলা

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের মামলা

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার আব্দুল হালিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। মামলায় আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা বৃদ্ধ ইদ্রিস আলী। মামলায় নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।

মামলার এজাহারের উল্লেখ করা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন  বাগোয়ান টেনশন মোড় এলাকার বৃদ্ধ ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।

এজাহারে আরও অভিযোগ করা হয়ে, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় আবদুল হালিম তার বিরুদ্ধে একটি মামলা করেন বলেও বাদী ইদ্রিস আলী এজাহারে আরও উল্লেখ করেন। ওই মামলায় তাঁকে জেল খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে  শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে বলা হয়, ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।

মামলার বাদী ইদ্রিস আলী জানান, তিনি আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলেন। কেনা জমিটা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ওই ঘটনায় থানায় তিনি মামলা করেছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।

তবে এমপি নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি তার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইদ্রিস পলাতক বলেও তিনি জানান।

আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে এখনো কিছুই জানি না।’

গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নুসরাতের পুরনো পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপি নেতারা অভিযোগ করেছেন। এ ঘটনা নুসরাত তাবাসসুম নিজে বাদি হয়ে নিষিদ্ধ সংগঠন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের জেলা ও উপজেলা পর্যায়ের ৮ শীর্ষ নেতার নাম উল্লেখ্য ২৫-৩০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ১৩ নভেম্বর রাতে দৌলতপুর থানায় মামলা করেন।

/এমএইচআর

Logo