কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো সাড়ে আট হাজার টাকায়
স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ, নিলামের মাধ্যমে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মাছটি স্থানীয় আড়তে আনা হলে নিলামে কিনে নেন মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী।
কুয়াকাটার জেলে নবী হোসেন জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এ অঞ্চলে জেলেদের জালে ধরা পড়া এটিই প্রথম বড় ইলিশ। ছোট আকারের ইলিশের পাশাপাশি বড় মাছটি পেয়েছেন তিনি। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি নবী হোসেন। তিনি বলেন, এ ধরনের বড় মাছ পেলে জেলেরা আর্থিকভাবে লাভবান হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি আড়তে তোলা হলে নিলামে ‘ঘরামী ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী সেটি কিনে নেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরও একটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।
জয়নাল ঘরামী বলেন, সমুদ্রে মাছের পরিমাণ কম। যা পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই জাটকা। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে প্রায় সাড়ে আট হাজার টাকায় কিনেছেন তিনি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকায় মাছটি ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন এই ব্যবসায়ী।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞাও যথাযথভাবে পালন করা প্রয়োজন।
/এসআইএন