পাবনায় পাঁচ ইটভাটায় অভিযান, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
পাবনায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন এবং ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদফতর পাবনার সহকারী পরিচালক ইউসুফ আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
/এনএ