×
Logo

সারাদেশ

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু
রাতের গভীর ঘুম কেড়ে নিল ঘাতক ট্রাক। রংপুর মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ঢুকে পড়ল বসতবাড়িতে। এতে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ১১ বছর বয়সী এক শিশুর। গুরুতর আহত হয়েছেন তার গর্ভবতী মা। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর বোতলা সড়কের খাসবাগ চারমাথা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার সিমথি। সে স্থানীয় নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, রাতে বালুভর্তি ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিন্টু মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়ির আধাপাকা ঘরে ঘুমিয়ে ছিল সিমথি ও তার পরিবারের সদস্যরা। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মা আয়েশা বেগম গুরুতর আহত হন। তিনি অন্তঃসত্ত্বা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন ভট্টাচার্য জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকচালক মেহেদী হাসান ও তার সহকারী শ্রাবণ মিয়াকে আটক করেন।

এদিকে, দুর্ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত হলেই রংপুর মহানগরীর বিভিন্ন সড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের চলাচল বেড়ে যায়। দিনের বেলায় এসব ট্রাকের আনাগোনা তুলনামূলক কম দেখা গেলেও রাতের আঁধারে নগরীর অলিগলি দিয়ে দ্রুতগতিতে চলাচল করে এগুলো।

তাদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত। এসব ট্রাকের বেপরোয়া চলাচলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। রাতের বেলায় ভারী যানবাহনের এমন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

/এসআর 

Logo