মোটরসাইকেলে মাওয়া যাওয়ার পথে দুর্ঘটনায় তরুণ-তরুণী নিহত
স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন ওই দুজন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ধাক্কা দেওয়া গাড়িকে শনাক্ত করা যায়নি।
/এএম