খুলনার রূপসায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/এসআইএন