রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যায় আসামি লিমনের ফাঁসির আদেশ
স্টাফ করেসপনডেন্ট, রাজশাহী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনটি ধারায় পৃথক ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগে এ রায় ঘোষণা করা হলো।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন মিয়া। এ সময় ছুরিকাঘাতে বিচারকের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন নিহত হয়। আহত হন বিচারকের স্ত্রীও।
ঘটনার পরপরই পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পরে গ্রেফতার লিমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা আগে কোথাও ঘটেনি বলেও আদালত মন্তব্য করেছেন।
তিনি আরও জানান, বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
/এমএমএইচ