×
Logo

সারাদেশ

পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

‎পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া শাহাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ফজলে রাব্বি শাহ (১৭) নামের আরও একজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণী শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেল যোগে বাসার দিকে যাচ্ছিলেন সাদিক, রাহাত ও ফজলে রাব্বি। এ সময় তারা শাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সঙ্গে ধাক্কা খান। তখন গুরুতর আহত হয়ে সড়কের ধারে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত আরেক শিক্ষার্থী ফজলে রাব্বিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়।

/এমএন

Logo