×
Logo

সারাদেশ

কুমিল্লায় ১১ দিনে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

কুমিল্লায় ১১ দিনে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী ১১ দিনের সাঁড়াশি অভিযানে দুই হাজার ৭৬৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিটের পাশাপাশি ডিবি পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এতে অংশ নেন।

আটককৃতদের অপরাধ যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে গুরুতর সংশ্লিষ্টতা না থাকায় বাকি এক হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানার যেসব এলাকায় কিশোর অপরাধীদের তৎপরতা রয়েছে, সুনির্দিষ্টভাবে সেসব স্থানেই অভিযান পরিচালিত হয়। পাশাপাশি তল্লাশির সময় কোনো সাধারণ নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ছিল বলেও জানায় তারা।

পুলিশ আরও জানায়, উঠতি বয়সীরা যেন নতুন করে অপরাধে না জড়ায়, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই ধারাবাহিক উদ্যোগ। এ ছাড়া কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধ করতে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

/এসএম

Logo