এনসিপি নেত্রী নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে সেখানে বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
পোস্টে তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে তার কণ্ঠরোধ করা যাবে না। আগুনের পথ পাড়ি দিয়েই নিজের কাজ চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় একটি ছাগল পুড়ে মারা গেছে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, যে বাড়িতে আগুন লেগেছে, সেটি মূলত নুসরাত তাবাসসুমের দাদার একটি পরিত্যক্ত বাড়ি।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
/এনএ