×
Logo

সারাদেশ

খাগড়াছড়িতে গভীর রাতে দুই সরকারি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

খাগড়াছড়িতে গভীর রাতে দুই সরকারি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে খাগড়াছড়ি সদর উপজেলার সরকারি কার্যালয় দুটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা অবস্থায় পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে, গত ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর তিন দিন পর, ১০ নভেম্বর পানখাইয়াপাড়ায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এনএ 

Logo